শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২৬

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (৫ মে) জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে তিনি দেশের ইতিহাসের একটি “কলঙ্কজনক অধ্যায়” হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, সেদিন ধর্মপ্রাণ তাওহিদি জনতার ওপর পরিচালিত অভিযানে যে নির্মম ঘটনা ঘটেছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। তাঁর মতে, এটি মানবতা, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি একটি গুরুতর ঘটনা।

জামায়াত আমির আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বিচারহীনতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে।

তিনি বলেন, কোনো সভ্য রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকার দমনে বলপ্রয়োগ এবং প্রাণহানির ঘটনা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

ডা. শফিকুর রহমান দাবি করেন, এই ঘটনার সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।