লালমনিরহাটে বিজিবির উদ্যোগে আধুনিক শ্রেণীকক্ষ ও ক্যান্টিন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চঞ্চল প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২৬

লালমনিরহাটে কোমলমতি শিশুদের জন্য আনন্দময় ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। মঙ্গলবার (৫ মে) সকালে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুনভাবে সাজানো শ্রেণীকক্ষ ও আধুনিক ক্যান্টিনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে পরিদর্শনকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুদের জন্য আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরিই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জানান, এমন পরিবেশে শিশুরা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণে আগ্রহী হবে।

তিনি আরও বলেন, ধাপে ধাপে এই কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও আধুনিক করা হবে। ইতোমধ্যে শ্রেণীকক্ষে গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে শেখার সুযোগ পায়। এতে তাদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও দলগত মানসিকতা গড়ে উঠবে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনায় একটি আধুনিক ক্যান্টিনও স্থাপন করা হয়েছে। এখানে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে প্রশিক্ষিত স্টাফদের মাধ্যমে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।