রাতের ইউরোপিয়ান ফুটবলে আজ নজর থাকবে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে, যেখানে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে সমর্থকদের মধ্যে।
প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ায় দুই দলের লড়াই এখন পুরোপুরি সমানে সমান অবস্থায় রয়েছে। তাই আজকের ম্যাচটাই নির্ধারণ করবে কারা উঠবে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্টের ফাইনালে। ঘরের মাঠে সমর্থকদের সামনে জয় তুলে নিয়ে দুই দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে জায়গা করে নিতে মরিয়া আর্সেনাল।
চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থাকা আর্সেনাল দারুণ আত্মবিশ্বাসে রয়েছে। কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, দল ও সমর্থকদের মধ্যে ইতিবাচক উত্তেজনা কাজ করছে। তার মতে, কঠোর পরিশ্রম ও ধারাবাহিক পারফরম্যান্সই তাদের এই পর্যায়ে নিয়ে এসেছে, আর জয়ের ক্ষুধাই দলকে এগিয়ে নিচ্ছে।
আর্সেনালের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, গুরুত্বপূর্ণ এই ম্যাচে মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড এবং ফরোয়ার্ড কাই হাভার্টজকে পাওয়া যেতে পারে। তবে ইনজুরি সমস্যা এখনও পুরোপুরি কাটেনি, যা কোচিং স্টাফকে কিছুটা চিন্তায় রেখেছে।
অন্যদিকে, ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এখনো শিরোপা না জেতা অ্যাথলেটিকো মাদ্রিদ এবার ইতিহাস বদলাতে চায়। তিনবার ফাইনালে উঠেও রানার্স-আপ হওয়া স্প্যানিশ ক্লাবটি এবার শিরোপার স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। কোচ দিয়েগো সিমিওনে আক্রমণভাগে ভরসা রাখছেন জুলিয়ান আলভারেজের ওপর। ইনজুরি কাটিয়ে তার ফেরাকে দল বড় শক্তি হিসেবে দেখছে। পাশাপাশি সিমিওনের ছেলের ফিটনেসও দলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
পরিসংখ্যান বলছে, দুই দলের লড়াই বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন পর্যন্ত ৭টি মুখোমুখিতে উভয় দলই ২টি করে জয় পেয়েছে, আর ৩টি ম্যাচ ড্র হয়েছে। তাই আজকের ম্যাচে ফল অনুমান করা কঠিন। এই ম্যাচের জয়ী দল ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠবে, যেখানে অপেক্ষা করছে ইউরোপ সেরার মুকুট।