ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, বাংলাদেশ সবসময় নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে এবং সেই নীতির ধারাবাহিকতায় রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় ভারতের সঙ্গে চলমান বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়নের সময় ঘনিয়ে এসেছে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পানিবণ্টনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছে এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে সরকার বিশ্বাস করে।
ভারতের ভিসা ইস্যু প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বর্তমানে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি উচ্চপর্যায়ের সফরে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগিরই ট্যুরিস্টসহ সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। এতে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হবে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ঘিরে আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলেও বাংলাদেশ সরকার মনে করছে, পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকায় দুই দেশের সম্পর্ক আগের মতোই দৃঢ় থাকবে।