হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মে, ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চালু করা হচ্ছে অস্থায়ী ফিল্ড হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ফিল্ড হাসপাতালটির অবকাঠামোগত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার রাতেই সেনাবাহিনী তাবু স্থাপনসহ মূল কাঠামো তৈরি করে দেয়, যাতে ঝড়-বৃষ্টির মধ্যেও চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্নে চালানো যায়। ঢাকা মেডিকেলের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়সহ প্রয়োজনীয় জনবল এবং সব ধরনের ওষুধ সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

পরিচালক আরও বলেন, ফিল্ড হাসপাতালটিতে ২০টি শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রোগীদের স্বাচ্ছন্দ্যের জন্য ৯টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। বর্তমানে হাসপাতালটির চারপাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের কাজ চলছে।

তিনি জানান, এসব কাজ শেষ হলেই খুব শিগগিরই এখানে রোগী ভর্তি করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, হামের বাড়তি সংক্রমণের চাপ সামাল দিতে এই ফিল্ড হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মূল হাসপাতালের ওপর চাপ কমাতে সহায়তা করবে।