বগুড়ায় বিমানবন্দর স্থাপনের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় প্রস্তাবিত একাডেমির সম্ভাব্যতা যাচাই শিগগিরই শুরু হবে এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নীলফামারীতেও বিদ্যমান ছোট একাডেমিকে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও জানান, দেশের বিমান খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার ইতোমধ্যে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছে এবং আরও কিছু উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জাতীয় বিমান বহরকে আরও আধুনিক ও শক্তিশালী করা হবে।
পাইলট তৈরির উচ্চ ব্যয়ের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে অনেক পাইলট বিদেশে কর্মসংস্থানের জন্য চলে যান। তাই সাধারণ শিক্ষার্থীদের জন্য এ খাত উন্মুক্ত করে দক্ষ জনবল তৈরি এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর লক্ষ্যে একাধিক একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পর্যটন স্পটগুলোর নিরাপত্তা ও সংরক্ষণে জোর দেওয়া হচ্ছে। মনপুরাকে সম্ভাবনাময় পর্যটন এলাকা হিসেবে উন্নয়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এছাড়া সৈয়দপুর বিমানবন্দর উন্নয়ন, অব্যবহৃত বিমানবন্দরগুলো সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।