বিধানসভা নির্বাচন মমতা-শুভেন্দুর মোবাইল ফোন জব্দ, ঘটনা কী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী-এর মোবাইল ফোন জব্দ করেছে ভারতের নির্বাচন কমিশন। গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (৪ মে) সকাল থেকে ভোটগণনা শুরু হয়। বিকেলে ভবানিপুর আসনের সাখাওয়াত মেমোরিয়াল স্কুল কেন্দ্রে যান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময়ে সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। গণনাকেন্দ্রে প্রবেশের সময় তাদের কাছে মোবাইল ফোন থাকায় তা জব্দ করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

এদিকে, ওই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেও তিনি প্রার্থী বা অনুমোদিত এজেন্ট না হওয়ায় তাকে কেন্দ্র ত্যাগ করতে বলা হয়।

ভোটগণনার দিন রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলের প্রবণতায় দেখা যায়, মোট ২৯৪টি আসনের মধ্যে প্রায় ২০৫টিতে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে প্রায় ৮৪টি আসনে। এতে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে।

এই প্রেক্ষাপটে আসানসোলের জামুরিয়ায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কুচবিহারের দিনহাটায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ভোটগণনা কেন্দ্রের সামনে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

আসানসোলেও ভোটগণনা এজেন্টদের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।