গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় বস্তির ভেতরে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কক্ষ, মাদক সেবনের আলামত এবং একটি সুড়ঙ্গ পথের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চলছে। গতরাতে পরিচালিত অভিযানে ৩১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় বস্তির ভেতরে একটি বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ পাওয়া যায়, যেখানে মাদক সেবনের আলামতও জব্দ করা হয়। পাশাপাশি ওই কক্ষের সঙ্গে একটি সুড়ঙ্গ পথের অস্তিত্ব পাওয়া গেছে, যা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক সেবন ও বাণিজ্য চলছিল। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩১ জনকে মাদক সংশ্লিষ্টতা এবং ৬ জনকে অন্যান্য অপরাধে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, টঙ্গীতে মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।