সদ্য শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে চমক দেখিয়েছে নতুন দল ঢাকা লেপার্ডস। শক্তিশালী ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে তারা।
সোমবার (৪ মে) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বৃষ্টির কারণে ম্যাচটি ৩০ ওভারে সীমিত করা হয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে আবাহনী।
আবাহনীর ইনিংসে একমাত্র উজ্জ্বল ব্যাটসম্যান ছিলেন সাব্বির রহমান রুম্মান। তিনি ২৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ২টি চার। ওপেনিংয়ে জিসান আলম ৪ বলে ৭ রান করে ফিরলেও ব্যর্থ হন সৌম্য সরকার, ৬ বল খেলে শূন্য রানে বোল্ড হন মইন খানের বলে।
মাহিদুল ইসলাম অঙ্কন ও এসএম মেহেরব হোসেন ৬১ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন। অঙ্কন ৪৪ বলে ৩৮ এবং মেহেরব ৪১ বলে ৩৮ রান করেন। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩৩ বলে করেন ১৭ রান। শেষ দিকে সাব্বির রহমানের ঝড় ছাড়া আবাহনীর আর কোনো ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি।
ঢাকা লেপার্ডসের বোলিংয়ে মইন খান দারুণ পারফরম্যান্স দেখান। তিনি ২১ রানে ৩টি উইকেট নেন। এছাড়া আল ফাহাদ নেন ২টি উইকেট। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ঢাকা লেপার্ডস। ওপেনার জাকির হাসান ৬৬ বলে ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি ছক্কা ও ৬টি চার। অধিনায়ক মোহাম্মদ মিথুন ৪০ বলে ৩৭ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সৈকত আলী ২৮ ও জাওয়াদ আবরার ২৩ রানের কার্যকর ইনিংস খেলেন।
আবাহনীর বোলিংয়ে জিসান আলম ২টি উইকেট নিলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা লেপার্ডস এবং ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শুরুতেই বড় চমক দিল নবাগত ঢাকা লেপার্ডস, আর চাপে পড়ল শক্তিশালী আবাহনী।