পটুয়াখালীর গলাচিপায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তেঁতুলিয়া নদীর ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট ১ হাজার জেলের মধ্যে বিকল্প খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা” প্রতিপাদ্যকে সামনে রেখে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিটি জেলের মধ্যে ১০ লিটার তেল, ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ ও ১৬ কেজি আলু বিতরণ করা হয়। পাশাপাশি ১৫০ জন জেলের মধ্যে ৫০ বস্তা জালও প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
এছাড়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. নুরুল হকের প্রতিনিধি, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপকারভোগী জেলেরা উপস্থিত থেকে এ সহায়তা গ্রহণ করেন।