লামায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২৬

“শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা” প্রতিপাদ্যকে সামনে রেখে লামায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছরের মতো বাংলাদেশসহ বিশ্বব্যাপী পালিত এই দিবস উপলক্ষে রবিবার (৩ মে) লামা উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য অফিস লামার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা সহকারী তথ্য অফিসার মো. রাশেদুল হক রাশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল।

এছাড়া অনুষ্ঠানে লামা উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় সাংবাদিকরা তাদের বাকস্বাধীনতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন বলেন, জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র উঠে আসে, যা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করে।

উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী দিনটি পালন করা হচ্ছে। দিবসটির মূল উদ্দেশ্য হলো গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা।