বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের পরিমাণ ১ হাজার ৩৪৫ কার্টন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।

রোববার (৩ মে) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (২ মে) রাত ১১টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় এনএসআই, ডিজিএফআই, বিমানবন্দর কাস্টমস শাখা এবং কাস্টমস ইন্টেলিজেন্স ইউনিটের যৌথ দল।

অভিযানে প্রথমে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরবর্তীতে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট (OV-493)-এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে আরও ২৮০ কার্টন সিগারেট জব্দ করা হয়। আটক যাত্রীর নাম মো. শামসুদ্দিন। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জব্দ করা সিগারেট ও অন্যান্য সামগ্রী চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযানের পর যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এনএসআই, ডিজিএফআই ও কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানানো হয়।