ঢাকার তিন থানার ওসির দায়িত্বে রদবদল

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল, দারুসসালাম ও আদাবর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। রোববার (৩ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায় বদলি করা হয়েছে। পাশাপাশি লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানার ওসি এবং একই ইউনিটের পরিদর্শক দুলাল হোসেনকে দারুসসালাম থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে দারুসসালাম থানার ওসি এস এম জাকারিয়া এবং আদাবর থানার ওসি জিয়াউর রহমানকে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে ভুক্তভোগীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানার তৎকালীন ওসি গোলাম আজমকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল করতে এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।