নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সারাদেশের জেলা প্রশাসকদের (ডিসি) অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৬। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলনস্থলে উপস্থিত হন তিনি। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে আসেন প্রধানমন্ত্রী। পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত জেলা প্রশাসকরাও এতে অংশ নিয়েছেন। প্রশাসনের মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নীতিনির্ধারণী প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়।
এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন এবং বাকি অধিবেশনগুলো বিভিন্ন আনুষ্ঠানিকতা ও সৌজন্য সাক্ষাৎকেন্দ্রিক। সম্মেলনে অংশ নিচ্ছে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ। সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
মাঠ প্রশাসন থেকে এবছর মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা পড়েছে। এর মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগ সম্পর্কিত প্রস্তাবই সবচেয়ে বেশি এসেছে—এই বিভাগে ৪৪টি প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা আরও কার্যকর করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।